রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় মেটাতে অতিরিক্ত রাজস্ব সংগ্রহের লক্ষ্যে পর্নোগ্রাফি বৈধ করার একটি বিল ইউক্রেনের পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পকে বৈধ অর্থনীতির আওতায় এনে এ খাত থেকে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার কর রাজস্ব পাওয়ার আশা করা হচ্ছে। বিলটির অন্যতম উদ্যোক্তা পার্লামেন্টের অর্থ কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক বলেন, এই অর্থ দিয়ে বছরে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব হতে পারে।
বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ ও বিতরণ আইনত অপরাধ এবং এসব কর্মকাণ্ডে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও অনলাইন প্রাপ্তবয়স্ক কনটেন্টের বাজার দ্রুত বেড়েছে। যুদ্ধের মধ্যে সরকার অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নেয়, কিন্তু আয় ঘোষণা করলেই তাদের এমন কর্মকাণ্ডের তথ্য প্রকাশ পায় যা এখনও আইনে অপরাধ।
ঝেলেজনিয়াক পরিস্থিতিটিকে ‘দুঃখজনক ও হাস্যকর’ বলেছেন। তার মতে, আয় গোপন করলে কর না দেওয়ার মামলা হতে পারে, আর আয় ঘোষণা করলে পর্নোগ্রাফি আইন ভঙ্গের অভিযোগের ঝুঁকি থাকে। বিলটি আইনে পরিণত হলে এই জটিলতা দূর করে সরকার নিয়মিত কর আদায় করতে পারবে। ফেনিক্স ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৭ হাজার ৯০০ ইউক্রেনীয় ওনলিফ্যানস থেকে ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করেন।