লেবাননে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলা ও ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও পাকিস্তান। শুক্রবার সকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোটের মধ্যে এক ফোনালাপে এই উদ্বেগের কথা জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন ও সম্মানের ওপর গুরুত্ব দিয়েছেন।
পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল এবং দাবি করেছে যে লেবাননও এই চুক্তির আওতায় রয়েছে। ফ্রান্সও শুরু থেকেই লেবাননকে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই দাবি প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইসরাইল লেবাননে বিমান হামলা চালায়, যাতে নারী ও শিশুসহ অন্তত ২৫৪ জন নিহত হন।
ফ্রান্স ও পাকিস্তান মনে করে, ইসরাইলি হামলা অব্যাহত থাকলে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা এবং পুরো শান্তি প্রক্রিয়া হুমকির মুখে পড়বে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।