সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেছেন, তৈরি পোশাকশ্রমিকদের নতুন ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি দেশের প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বুধবার ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তকে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বিজয় এবং শিল্প খাতে পরিবর্তনের সূচনা হিসেবে বর্ণনা করেন।
শফিকুল আলমের মতে, সব কারখানায় সমানভাবে মজুরি কার্যকর করা মালিকদের জন্য বড় পরীক্ষা হবে এবং উৎপাদনশীলতা বাড়ানোই হবে প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী কারখানাগুলো এগিয়ে থাকবে; কম উৎপাদনশীল কারখানা বন্ধ হতে পারে বা বড় শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি হতে পারে। তাঁর হিসাবে, ১৭ হাজার টাকা প্রায় ১৪০ ডলার, অভিজ্ঞ শ্রমিকদের বেতন প্রায় ১৭০ ডলার এবং ওভারটাইমসহ কারও আয় ২০০ থেকে ২৫০ ডলার হতে পারে।
তিনি বলেন, উচ্চ মজুরি বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি উন্নত করতে পারে এবং শুরুতে রপ্তানিতে ধাক্কা এলেও আগামী বছর থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে বেশি বেতন পুরুষ কর্মী বাড়াতে পারে এবং নারী শ্রমিকের অংশগ্রহণ ৫০ শতাংশের নিচে নামার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।