তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ৩২০ বিমান বোমা হামলার হুমকির পর রোববার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। ওএস৮২ ফ্লাইটটির ক্রুরা রোমানিয়া সীমান্তের কাছাকাছি অবস্থায় হুমকিটি পান বলে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। বুলগেরিয়ার বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান যাত্রীবাহী বিমানটিকে পাহারা দিয়ে সোফিয়া বিমানবন্দরে নিয়ে যায়।
পরিবহন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন এবং সবাই বিমান থেকে নেমে গেছেন। অস্ট্রিয়ান এয়ারলাইন্স এএফপিকে জানিয়েছে, বিমানটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঘটনায় একটি জরুরি সাড়াদান দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ফ্লাইটটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ছেড়ে যায় এবং প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে নামে। ফ্লাইটরাডার২৪ বলছে, বিমানটি রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পরে দক্ষিণ দিকে ঘুরে বুলগেরিয়ার দিকে ফেরে। এডিএস-বি এক্সচেঞ্জের তথ্যে, তখন বিমানটি জরুরি সংকেতের স্কোয়াক কোড ৭৭০০ পাঠাচ্ছিল।