পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সোমবার ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি, তিনি ভারতের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা এবং হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা আইসিপি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার, ৫ ভারতীয় রুপি, ১৩০ নেপালি রুপি ও ৩ হাজার ৫৭০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, পলাশ চন্দ্র মাঝি গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন এবং সোমবার ভারতে ফেরার উদ্দেশ্যে বন্দরে আসেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. লাইছুর রহমান জানান, আটক ব্যক্তিকে এখনো থানায় আনা হয়নি। কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দিলে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কাস্টম কমিশনার সাইদুর রহমান মুন্না জানান, তিনি ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন।