সিলেট নগরীর রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে নিহত দম্পতির প্রবাসী কন্যারা শুক্রবার দুপুরে শাহী ঈদগাহ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচি থেকে প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে দৃশ্যমান তদন্ত অগ্রগতি ও অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে বক্তারা জানান।
নিহত দম্পতির কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা কান্নাজড়িত কণ্ঠে তাদের মা-বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরিবারের সদস্যরা বলেন, গত ১২ আগস্ট রায়নগরের মিতালী এলাকায় অত্যন্ত নৃশংসভাবে তিনজনকে হত্যা করা হয়। ঘটনাটি সিলেটবাসীর পাশাপাশি দেশ-বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও গভীরভাবে নাড়া দিয়েছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, হত্যার কারণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময়ের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। প্রথমে প্রেমের সম্পর্ক, পরে খারাপ ব্যবহার এবং সর্বশেষ চুরি বা বাসাভাড়ার টাকা জোগাড়ের বিষয়টি সামনে আসে। এতে প্রকৃত কারণ নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের দাবি জানান এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানি বা সাজা না পান, সেই আহ্বানও জানান।