র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি। মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান এবং ঈদগাহের প্রস্তুতিও পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, যদিও কোনো নির্দিষ্ট হুমকি নেই, তবুও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসানো, তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় টহল জোরদার করেছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
র্যাব জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিক চালু থাকবে এবং ছুটির সময় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে রাত্রীকালীন টহল ও নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে।