দীর্ঘ ১৪ বছর পর সিরিয়ার আল-ইয়ারুবিয়াহ সীমান্ত দিয়ে ইরাকের অপরিশোধিত তেলের রপ্তানি পুনরায় শুরু হয়েছে। মোট ৭০টি তেলের ট্যাঙ্কার সিরিয়ার ভূখণ্ড অতিক্রম করে ভূমধ্যসাগরীয় উপকূলের বানিয়াস শোধনাগারের দিকে যাচ্ছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে। সীমান্ত কর্মকর্তা ফেরাস রুস্তম বলেন, এই পথ পুনরায় চালু করা ইরাক ও সিরিয়ার অর্থনৈতিক সম্পর্ক জোরদারের একটি কৌশলগত পদক্ষেপ।
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ও জ্বালানি সরবরাহ আরও কার্যকর হবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে উঠবে। ইসরাইল-যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরাক বিকল্প রপ্তানি রুট হিসেবে এই পথ বেছে নিয়েছে।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে রাবিয়া নামে পরিচিত এই সীমান্ত পথটি বন্ধ হয়ে যায় এবং ২০১৪ সালে আইএস দখল করে নেয়। পরে ইরাকি কুর্দি বাহিনী এলাকা পুনর্দখল করলে পথটি আবার সচল হয়।