শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে ‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ’-এর পথসভা অনুষ্ঠিত হয়েছে। বহরটি কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজার হাজার নারী-পুরুষ তাকে স্বাগত জানান। সেখানে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য দেন।
জনতার উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে ডা. শফিকুর রহমান ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন। লংমার্চ রুটের বিভিন্ন স্থানে আয়োজিত গণজমায়েতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতাসহ অন্য নেতাদের অনানুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সড়কের দুই পাশে দাঁড়ানো স্থানীয় নেতাকর্মীদের অভিবাদনও গ্রহণ করবে বহরটি।
কাশিয়ানীর পথসভা শেষে বহরটি খুলনার উদ্দেশে রওনা হয়। খুলনার বাবরী চত্বর ও ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা শেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ হবে। এর আগে সকালে নাওডোবা ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচি হয়। ১১ দল ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুরমুখী লংমার্চও করেছে।