হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকারে মাইন বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার ওমানের খাসাব উপকূল থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে। ট্যাংকারটিতে ২৭ জন ভারতীয় নাবিক ছিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ছোট নৌযান থেকে জাহাজটির গায়ে দুটি লিমপেট মাইন সংযুক্ত করা হয়েছিল।
বিস্ফোরণের পর ট্যাংকারটির ইঞ্জিনকক্ষে আগুন লাগে এবং জাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং পরে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে। চলমান সংঘাত শুরুর পর হরমুজে লিমপেট মাইন ব্যবহারের এটিই প্রথম সফল ঘটনা বলে জানানো হয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সহজলভ্য ও স্বল্পমূল্যের এসব মাইন ছোট নৌযানের মাধ্যমে জাহাজের গায়ে স্থাপন করা যায়। এর এক দিন আগে লাইবেরিয়ার পতাকাবাহী এমটি আরজানাহ নামের একটি বড় তেলবাহী জাহাজ ক্ষেপণাস্ত্র বা অন্য প্রক্ষেপিত বস্তুর হামলার শিকার হয়; এতে দুই ভারতীয় নাগরিক ছিলেন। ভারতের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, দুই জাহাজের ভারতীয় নাবিকরা নিরাপদ এবং কেউ আহত হননি।