ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার ঢাকায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তথ্যমন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতেও সচেষ্ট।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি খসড়া কমিটি গঠন করা হবে, যা একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করবে। সেই পরিকল্পনার ভিত্তিতেই গণমাধ্যম কমিশন গঠন করা হবে।