যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইরানের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইকোর পররাষ্ট্রমন্ত্রীদের ৩০তম বৈঠক শেষে গৃহীত যৌথ ঘোষণায় এ অবস্থান জানানো হয়। উত্তেজনা কমাতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রতিও সমর্থন জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, সদস্য দেশগুলো মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা সংঘাতের মর্যাদাপূর্ণ সমাধান এবং যুদ্ধের সম্পূর্ণ ও স্থায়ী অবসানে ইরানের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ঘোষণায় সংযম, সংলাপ, কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
ইরান তার প্রস্তাবকে সাতটি দাবি ও শর্তসম্বলিত দুই দিনের পরিকল্পনা হিসেবে তুলে ধরেছে, যা কূটনৈতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। তেহরান বলেছে, শর্ত মেনে নিলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে। শর্তের মধ্যে ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করার বিষয় রয়েছে।