ইসরাইলে ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে এমন সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান আইয়াল জামিরের মধ্যে বিরোধের খবর এসেছে। প্রস্তাবিত অভিযান এগোনোর আগে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং লিখিত আইনি অনুমোদন চেয়েছেন জামির। তবে অভিযানটির ধরন ও লক্ষ্য প্রকাশ করা হয়নি।
সামরিক কর্মকর্তারা আশঙ্কা করছেন, নির্বাচনের আগে রাজনৈতিক নেতৃত্ব ভোটের সুবিধার জন্য ইরানকে ঘিরে উত্তেজনা ব্যবহার করতে পারে। এক নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করেছেন, অভিযানটি দ্রুত ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে রূপ নিতে পারে এবং স্পর্শকাতর সময়ে ভুল হিসাব-নিকাশের ঝুঁকি বাড়াতে পারে। রোববার রাতে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সেনাপ্রধানের সঙ্গে বিরোধের খবর অস্বীকার করে বলেন, কোনো বিরোধ নেই। রাজনৈতিক কর্মকর্তারাও নির্বাচনী স্বার্থে ইরান ইস্যু ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন।
একই সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, তিনি মোসাদ ও সামরিক বাহিনীকে ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কাজের নির্দেশ দিয়েছেন। তিনি আরও দাবি করেন, ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করেছে। সম্ভাব্য গোপন অভিযানটি ওই নির্দেশের সঙ্গে সম্পর্কিত কি না জানা যায়নি। বিরোধী নেতা গাদি আইজেনকোট ও ইয়ার গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনের আগে ভয় ছড়ানোর অভিযোগ করেছেন।