বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সোমবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তরিক ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হ্যারি থমসন ও অ্যানা পিটারসন।
বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পর গণতন্ত্রকে আরও অর্থবহ করার উপায় এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্নয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়, বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়।