পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সংসদীয় দলের সঙ্গে পরামর্শ করবে। সোমবারের বৈঠকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে, নাকি আন্দোলন শুরু করা হবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত সোমবার সংসদীয় দলের বৈঠকে কয়েকজন আইনপ্রণেতা সরকারের সঙ্গে আলোচনা বিষয়ে তাদের আস্থায় নেওয়ার দাবি জানান। দলীয় সূত্র বলেছে, ভবিষ্যৎ করণীয় নির্ধারণের প্রক্রিয়ায় প্রাদেশিক আইনপ্রণেতাদের যুক্ত করতে পিটিআই নেতৃত্ব সম্মত হয়েছে। সংলাপ পুনরায় শুরু করা অথবা প্রতিবাদের কৌশল নেওয়ার বিষয়ে তাদের মতামত চাওয়া হবে।
কিছু প্রতিবেদনে সিদ্ধান্তের দায়িত্ব পুরোপুরি সংসদীয় দলের হাতে দেওয়ার কথা বলা হলেও কয়েকজন পিটিআই আইনপ্রণেতা তা অস্বীকার করেছেন। তাদের মতে, ইমরান খানের সিদ্ধান্ত অনুযায়ী মাহমুদ খান আচাকজাই ও আল্লামা রাজা নাসির আব্বাস এ বিষয়ে দায়িত্ব পেয়েছেন। তারা বলেন, রাজনৈতিক ও কেন্দ্রীয় কমিটির ভূমিকা বহাল আছে এবং ইমরান খানের অনুমোদন ছাড়া বড় সিদ্ধান্ত সম্ভব নয়। দলটি আলোচনায় প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করার দাবিও করছে।