প্রথমবারের মতো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদসহ জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান ও অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে শুক্রবার রাতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় যে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা ভাষা শহিদদের কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন।
এটি প্রথমবারের মতো জামায়াতের শীর্ষ নেতৃত্বের জাতীয় পর্যায়ে শহীদ মিনারে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের ঘটনা।