সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, তারা ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।
তবে ড্রোনটির উৎস সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি আল-মালিকি। এ ঘটনায় হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কেও জোট বিস্তারিত জানায়নি। এর আগে শনিবার জোটটি দাবি করে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। জোটের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটি তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
অন্যদিকে হুথিরা বলেছে, তারা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের উল্লেখ করা লক্ষ্যগুলোর মধ্যে রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। ইয়েমেনে সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে হুথিরা জানায়।