জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, তিনি এখন দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি। সোমবার সকালে কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে ত্রৈমাসিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ভোটই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি তিন মাসে একবার তৃণমূলের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখবেন। আখতার হোসেন বলেন, সরকারি বরাদ্দের তথ্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন যাতে জনগণ জানতে পারে কোন ধর্মীয় প্রতিষ্ঠান কত বরাদ্দ পেয়েছে। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে পাওয়া ১০ লাখ টাকার মধ্যে পীরগাছায় সাড়ে পাঁচ লাখ এবং কাউনিয়ায় সাড়ে চার লাখ টাকা বিতরণ করা হয়েছে।
সভা শেষে তিনি স্বচ্ছতার ভিত্তিতে এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।