টানা তিন ম্যাচে হারের পর লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়নকে তিন রানে হারিয়েছে তারা। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করার পর ভারতকে ৮ উইকেটে ১৩৮ রানে আটকে দেয়।
বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও রনি তালুকদার ২৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪০ রান করে ইনিংসে গতি আনেন। নাসির হোসেন ২৪ এবং আরাফাত সানি ৩৭ রান করে লড়াইয়ের পুঁজি গড়তে সহায়তা করেন। ভারতের পীযূষ চাওলা তিন উইকেট নেন, আর ঋষি ধাওয়ান ও পবন নেগি নেন দুটি করে উইকেট।
১৪২ রানের লক্ষ্য তাড়ায় ভারত ২৪ রানেই দুই উইকেট হারায়, আর পাওয়ারপ্লেতে কামরুল ইসলাম রাব্বির বলে আউট হন যুবরাজ সিং। এনামুল হক জুনিয়র তিন ওভারে ১২ রান দিয়ে চার উইকেট নিলে ভারত ৮৮ রানে আট উইকেট হারায়। পরে পবন নেগি ও পীযূষ চাওলা নবম উইকেটে অপরাজিত ৫০ রান যোগ করলেও জয় আনতে পারেননি। রাহি ২৬ রানে দুটি উইকেট নেন।