চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রেহেনা বেগম (৬৬) ঘটনাস্থলেই মারা যান, পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
এক যাত্রী জানান, চট্টগ্রামগামী মারসা পরিবহনের চালক কক্সবাজারের হারবাং এলাকায় আরেক চালকের সঙ্গে কথা কাটাকাটির পর মেজাজ হারান এবং পরে বিপরীতমুখী আরেকটি মারসা পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ খান জানান, ঘটনাস্থল থেকে এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় নিয়ে গেছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।