বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ছয়টি বিতরণ অঞ্চল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিডিবি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, বিদ্যুৎ একটি সেবা খাত এবং এ খাত বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
আতিকুর রহমান অভিযোগ করেন, এ সিদ্ধান্ত নেওয়াদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন এবং সিদ্ধান্তটি এস আলম গ্রুপকে কাজ দেওয়ার ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন। তিনি জনগণের করের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করার আহ্বান জানান। ভুতুড়ে বিলের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।
মানববন্ধনে সরকারের কাছে আট দফা দাবি জানানো হয়। এর মধ্যে বিদ্যমান বিদ্যুৎ কোম্পানি আধুনিকায়ন ও জবাবদিহি নিশ্চিত করা, শূন্য পদে দ্রুত নিয়োগ, মৃত কর্মীদের যোগ্য পোষ্যদের চাকরি, সিবিএ নির্বাচন, পে-স্কেল বাস্তবায়ন এবং আউটসোর্সিং কর্মীদের স্থায়ী নিয়োগ রয়েছে। আবাসন সমস্যা সমাধানে সব দপ্তরে আধুনিক ও বৈষম্যহীন আবাসিক ভবন নির্মাণের দাবিও তোলা হয়।