টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উজিরপুর ও ভাংগারহাট এলাকায় মনু নদীর বাঁধ ভেঙে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাঁধের কয়েকটি অংশ ভেঙে গেলে আকুয়া, সৈয়দনগর, আদিনাবাদ, টগরপুরসহ ১৫টিরও বেশি গ্রাম প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয়রা বালুভর্তি বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শুক্রবার সকালে আকুয়া গ্রামের ৭২ বছর বয়সী এক বৃদ্ধার লাশ পানিতে ভাসতে দেখা যায়। বানভাসি মানুষ গবাদিপশু ও মূল্যবান জিনিসপত্র নিয়ে বাঁধের ওপর বা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার জানান, দুর্গতদের জন্য শুকনো খাবার পাঠানো হয়েছে এবং উদ্ধারকাজে নৌকা ও স্পিডবোর্ডের ব্যবস্থা করা হয়েছে। তিনি পানিবন্দি মানুষকে উদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।