বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংগঠন পরিচালনায় অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হতে হবে। আদর্শ আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং তরুণদের সংগঠন ও নেতৃত্বে কার্যকরভাবে সম্পৃক্ত করার সুযোগ তৈরির আহ্বান জানান তিনি। ২৫ থেকে ২৭ আগস্ট রংপুর বড় আলিয়া মাদ্রাসায় উপজেলা ও থানা দায়িত্বশীলদের তিন দিনের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দায়িত্বশীলদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হওয়ার, পরিবার গঠনে মনোযোগ দেওয়ার এবং সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগ-তিতিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এবং জনগণের সঙ্গে সম্পর্ক বাড়ানোর নির্দেশনাও দেন। রংপুরের জনগণ অতীত নির্বাচনে জামায়াত প্রার্থীদের প্রতি যে আস্থা রেখেছেন, তা জনগণের সেবা ও এমপিদের সঙ্গে সমন্বিত কাজের মাধ্যমে রক্ষার আহ্বান জানান তিনি।
রংপুর মহানগর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পরওয়ার জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়ন ও প্রশাসক নিয়োগ নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ১১ দল ছয় মাস ধরে এ দাবিতে সংসদ ও রাজপথে কর্মসূচি পালন করেছে। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের পর রংপুর অভিমুখে আরেক লংমার্চ শুরুর ঘোষণা দেন তিনি।