জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা ১১ দলীয় জোটের নেতাকর্মীদের আটকে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। পরে তারা সেখানে অবস্থান নিয়ে সরকারের একজন দায়িত্বশীল প্রতিনিধির অপেক্ষা করেন।
এর আগে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটে জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা কাউকে অসম্মান করতে নয়, জনগণের দাবি নিয়ে এসেছেন।
শফিকুর রহমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিনিধিকে এসে দাবি গ্রহণের আহ্বান জানান এবং দাবি বাস্তবায়িত না হলে আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন। তিনি পুলিশ কর্মকর্তাদের সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের বক্তব্য পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর সরকারের কোনো প্রতিনিধির সাক্ষাৎ না পেয়ে নেতাকর্মীরা দুপুর দেড়টার দিকে সচিবালয়ের সামনে থেকে সরে যান। কর্মসূচিতে নাহিদ ইসলাম, অলি আহমদ, মিয়া গোলাম পরওয়ার ও রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।