নওগাঁর সাপাহার উপজেলায় গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান শতাধিক গ্রাহকের কাছ থেকে এক কোটি টাকার বেশি আমানত নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। দিঘীরহাট বাজারে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালানো এই সমিতি ‘সহজ বিনিয়োগ প্রকল্প’ নামে একটি স্কিমের মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিল। বর্তমানে সমিতির অফিস তালাবদ্ধ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হালিম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, হালিম তার আত্মীয়দের নিয়ে সমিতিটি পরিচালনা করতেন এবং গ্রাহকদের অতিরিক্ত লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি কয়েকজন গ্রাহক লভ্যাংশ চাইলে তিনি টালবাহানা শুরু করেন এবং পরে কৌশলে টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। মকবুল হোসেন ও সালমা বেগমসহ অনেক গ্রাহক জানান, তারা নিজেদের সঞ্চয় ও ধার করা অর্থ জমা রেখেছিলেন, এখন তারা সর্বস্বান্ত।
সাপাহার উপজেলা সমবায় কর্মকর্তা এস. এম. জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং তদন্ত শেষে সমবায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখনো থানায় কোনো মামলা বা জিডি হয়নি, তবে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও পলাতক এমডির গ্রেপ্তার দাবি করেছেন।