মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস আগামী ১৯ ফেব্রুয়ারি গাজা শান্তি বোর্ডের প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে। বৈঠকে গাজা পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তা পরিবর্তন হতে পারে। হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়নি।
এর আগে ট্রাম্প প্রশাসন গাজা শান্তি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করে। হোয়াইট হাউস জানায়, ডোনাল্ড ট্রাম্প বোর্ডের চেয়ারম্যান থাকবেন এবং তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হবেন।
বোর্ডটি সাময়িকভাবে গাজা পরিচালনা ও পুনর্গঠন কার্যক্রমের তত্ত্বাবধান করবে। নির্বাহী বোর্ডে আরও থাকবেন মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙগা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। হোয়াইট হাউস জানায়, প্রতিটি সদস্য গাজাকে স্থিতিশীল করা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।