বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ স্থানীয় সরকার নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনের কার্যকর কৌশল ও কঠোর পদক্ষেপ চেয়েছেন। মঙ্গলবার পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তৃণমূল প্রার্থী বাছাই কমিটির সভায় তিনি এ আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
জালালুদ্দীন আহমদ বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও পেশিশক্তির দৌরাত্ম্যে স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও সমাজবান্ধব মানুষ প্রার্থী হতে ভয় পান। এ অবস্থা থেকে বের হতে সৎ ও যোগ্য ব্যক্তিদের সাহস নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর মতে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের খপ্পর থেকে স্থানীয় সরকারকে উদ্ধার করা না গেলে তৃণমূলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না।
তিনি নির্বাচনে পেশিশক্তি, ভয়ভীতি ও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা এবং ভোটাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইসির নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা চান। সভায় সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা যাচাই, নির্বাচনী প্রস্তুতি জোরদার এবং তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।