ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ১৫ দিনের যুদ্ধে তারা মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে শনিবার দেওয়া সাক্ষাৎকারে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলাগুলো ৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে চালানো হয়।
মোহেব্বি বলেন, ধ্বংস হওয়া সরঞ্জামের মধ্যে ১৭টি গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল ড্রোন ছিল, যার আটটি একেবারে নতুন। তিনি আরও দাবি করেন, একটি শক্তিশালী সুরক্ষিত হ্যাঙ্গারে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান এবং একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়েছে।
আইআরজিসি মুখপাত্রের দাবি অনুযায়ী, আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও হামলায় ধ্বংস হয়েছে। তিনি বলেন, উড়োজাহাজগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।