ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসনের মধ্যে ৫৩টিকে সহিংসতার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগাম সতর্ক অবস্থানে রয়েছে এবং ভোটের দিন বিশৃঙ্খলা, হামলা-পাল্টা হামলা ও অস্থিরতা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগে থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশেষ নজরদারি শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
পুলিশ সূত্র জানায়, একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকা, অতীতের সহিংসতার ইতিহাস, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকা এবং বাম চরমপন্থি প্রভাবের কারণে এসব আসন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িগুলোকে টহল, চেকপোস্ট ও বিট পুলিশিং জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র-সংলগ্ন এলাকায় দুর্বৃত্ত দমনে বিশেষ অভিযান ও বাসাবাড়িতে তল্লাশি চালানো হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন ঘিরে কোনো সহিংসতা যাতে না ঘটে, সে জন্য সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইজিপি বাহারুল আলম বলেন, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।