অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষে বিএনপি নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দেওয়া স্বার্থের সংঘাত তৈরি করে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, তিনি স্বেচ্ছায় যোগ দিয়েছেন এবং মানুষের ধারণা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশ সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমান বলেন, বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার পররাষ্ট্রনীতিতে ফিরে যাচ্ছে। তিনি জানান, জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ প্রসঙ্গে তিনি সমালোচকদের ভোট পুনর্গণনার আহ্বান জানান।