সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত দেড় বছরে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। রবিবার, ১২ এপ্রিল ২০২৬ তারিখে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি অভিযান পরিচালিত হচ্ছে। কোস্ট গার্ড, নৌবাহিনী, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে এ অভিযান চলছে। এ সময় ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণ অবৈধ জাল, রেণুপোনা, হরিণের মাংস ও ফাঁদ জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবন সম্পূর্ণ দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।