কক্সবাজারের উখিয়া–টেকনাফ মহাসড়কের বালুখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চেকপোস্টে নিয়মিত চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট প্রতিদিন শতাধিক পণ্যবাহী গাড়ি থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করছে। কম্বলের আড়ালে এসব টাকা নেওয়া হয় এবং টাকা না দিলে চালকদের হয়রানি বা গাড়ি আটকে রাখার অভিযোগ রয়েছে। প্রাণ, আকিজ, আরএফএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্থানীয় ডিলাররা পণ্য পরিবহনের সময় নিয়মিত এই চাঁদাবাজির মুখে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, গাড়ি থামিয়ে চালককে আড়ালে নিয়ে টাকা আদায় করা হয়। অভিযোগ রয়েছে, কাস্টমসের উদ্ধারকৃত মালামালের নিলাম কার্যক্রমেও অনিয়ম চলছে; নিয়ম অনুযায়ী মাইকিং বা বিজ্ঞপ্তি না দিয়ে নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে কম দামে নিলাম সম্পন্ন করা হয়। জব্দ গাড়িগুলো খোলা আকাশের নিচে অবহেলায় পড়ে আছে। শুল্ক আইন–২০২৩ অনুযায়ী চেকপোস্টে নগদ টাকা নেওয়া নিষিদ্ধ হলেও বালুখালীতে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।
বালুখালী কাস্টমস চেকপোস্টের প্রধান কর্মকর্তা মাসুদ আল হেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, তার চেকপোস্টে কোনো টাকা নেওয়া হয় না এবং সব কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হয়।