অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গার দুই ওয়ার্ডে বিশুদ্ধ পানির সংকট ও জনদুর্ভোগ কমাতে নতুন সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে পাইলট প্রকল্প শুরু হয়েছে। শুক্রবার সকালে নগরীর হোটেল রেডিসন ব্লুর একটি হলরুমে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রকল্পটির লক্ষ্য শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পানি-সরবরাহ সেবার মান বাড়ানো।
মন্ত্রী বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর হলেও সরকার একা সবকিছু করতে পারে না। সরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। এই মডেলে সরকার ও বেসরকারি খাত অর্থ দেবে এবং এনজিওগুলো সহযোগিতা করবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করতে প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সরকার অনেক কাজ করলেও সেগুলোর রক্ষণাবেক্ষণ সব সময় হয় না।
তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে যৌথভাবে কাজ করবে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড। প্রকল্পে নেদারল্যান্ড দূতাবাস, ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ এবং চট্টগ্রাম ওয়াসা একসঙ্গে কাজ করবে। মন্ত্রী বলেন, বিশুদ্ধ পানির পাশাপাশি বর্ষাকালে চট্টগ্রামের পানি নিষ্কাশন সমস্যাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ বিষয়ে নেদারল্যান্ড দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে।