স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, কয়েকটি জেলায় সার সংকট তৈরি করে সরকারকে বিভ্রান্ত করার পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে। বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের গড়াইঘাটে শহীদ আবরার ফাহাদ সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া সার ডিলারদের অনেককে স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ করা হয়েছিল এবং তাদের অসহযোগিতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তাঁর দাবি, যেসব জেলায় সার নিয়ে সমস্যা হয়েছে, সেসব জেলার এমপিরা ১১ দলীয় জোটের; বিপরীতে বিএনপির সংসদ সদস্য থাকা জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি। বর্তমান সরকারের সময় ডিলার নিয়োগে অনিয়ম থাকলে তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি।
তিনি বলেন, ডিলার নিয়োগে ইউএনও ও ডিসিসহ প্রশাসনের কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন। আবরার ফাহাদের বাবা প্রধানমন্ত্রীর কাছে মসজিদ ও গড়াই নদীর ওপর সেতুর দাবি জানান। সেতু নির্মাণের আগে মাটি পরীক্ষা ও সমীক্ষা করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।