ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও দু–তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্যের কারণে কোনো চুক্তি হয়নি। রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উভয় পক্ষ কিছু বিষয়ে একমত হলেও অন্য বিষয়গুলোতে বড় ধরনের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়ে গেছে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ত্যাগে তেহরানের দৃঢ় প্রতিশ্রুতি না পাওয়াই আলোচনার অন্যতম প্রধান বাধা। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো পরবর্তী আলোচনার সম্ভাবনা নাকচ করেছিল, বাঘাই তুলনামূলক নমনীয় অবস্থান নেন। তিনি বলেন, কূটনীতি কখনোই শেষ হয় না এবং একটি বৈঠকেই সব সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা করা ঠিক নয়।
বাঘাই আরও জানান, ইরান মধ্যস্থতাকারী পাকিস্তানসহ অঞ্চলের অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।