বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পালসহ নেতারা অংশ নেন। তারা ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত নিপীড়ন, চাকরিচ্যুতি ও বিচারবঞ্চনার বিষয়গুলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেন। পাশাপাশি সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন ও দেবোত্তর সম্পত্তি আইন সংস্কারের দাবি তোলেন।
জয়ন্ত কুমার দেব ও সন্তোষ শর্মা জানান, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং উত্থাপিত সমস্যাগুলোর পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।