এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অধিকাংশ মার্কিনি নাগরিক অসন্তুষ্ট। সুপ্রিম কোর্ট তার শুল্কনীতি বাতিল করলেও ট্রাম্প ভিন্ন আইনের দোহাই দিয়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের ইপসোস নলেজ প্যানেল পরিচালিত এই সমীক্ষায় দেখা যায়, আন্তর্জাতিক পর্যায়ে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ বাড়ার মধ্যেই ট্রাম্পের নীতির বিরুদ্ধে জনঅসন্তোষ বৃদ্ধি পেয়েছে।
সমীক্ষা অনুযায়ী, ট্রাম্পের শুল্কনীতি, বৈদেশিক সম্পর্ক, অভিবাসননীতি ও সামগ্রিক অর্থনীতি নিয়ে জনগণের অসন্তোষ স্পষ্ট। প্রায় ৬৫ শতাংশ মানুষ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তার নীতির বিরোধী, ৬৪ শতাংশ আমদানি পণ্যে উচ্চ শুল্কের বিরোধিতা করেন এবং ৬২ শতাংশ তার বৈদেশিক নীতিকে ভুল মনে করেন। এছাড়া ৫৮ শতাংশ অভিবাসননীতির বিরোধী এবং ৫৭ শতাংশ মনে করেন ট্রাম্প দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছেন।
তবে ট্রাম্পের প্রতি অসন্তোষ থাকলেও জনগণ ডেমোক্র্যাটদের প্রতিও আস্থা দেখাচ্ছেন না। মাত্র ৩৩ শতাংশ ট্রাম্পকে, ৩১ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩১ শতাংশ কাউকেই বিশ্বাস করেন না।