দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে এডিস মশার লার্ভা বেশি উৎপন্ন হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু হয়েছে বলে গত পরশুদিনের সভায় পাওয়া হিসাব তুলে ধরেন তিনি। প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বা বর্তমানে চিকিৎসাধীন আছেন। জেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান চলবে। ৬৪ জেলা ও ৫০৩ উপজেলায় একযোগে কার্যক্রম শুরু হবে; এতে স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেবেন। শিক্ষাপ্রতিষ্ঠানও নির্ধারিত এলাকায় সাপ্তাহিক অভিযান চালাবে এবং বিভিন্ন মহানগরের ইলেকট্রনিক বিলবোর্ডে সচেতনতামূলক ভিডিও প্রচার করা হবে।