কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় একটি বাড়িতে গভীর নলকূপের পাইপ বসানোর সময় ভূগর্ভ থেকে হঠাৎ গ্যাস বেরিয়ে আগুন লাগে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে তিন দিন ধরে প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের কাজ চলছিল। খননের একপর্যায়ে ভূগর্ভ থেকে তীব্র গতিতে গ্যাস নির্গত হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। আগুনের শিখা ও বুদবুদ ওপরে উঠতে থাকে। পানি ছিটানোর পরও গ্যাস অবিন্যস্তভাবে বের হওয়ায় আগুনের তীব্রতা মাঝেমধ্যে বেড়ে যাচ্ছিল বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
বড় দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে মাইকিং ও বাঁশি বাজিয়ে উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিস বলেছে, এটি কোনো সুনির্দিষ্ট প্রাকৃতিক গ্যাসের খনি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা বিশেষজ্ঞ দলের তদন্তের পর নিশ্চিত হবে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছেন উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ।