রংপুরের পীরগঞ্জে এক প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় নগর মাতৃসদন কেন্দ্রের সব কার্যক্রম বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এ ঘোষণা দেন। নিহত শ্রাবণী (১৯) উপজেলার প্রজাপাড়া এলাকার রিকশাচালক মতিয়ার রহমানের মেয়ে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় প্রসববেদনা উঠলে তাঁকে কেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে তিনি ও তাঁর গর্ভের সন্তান মারা যান।
স্বজনদের অভিযোগ, বাড়ির কাছে হওয়ায় শ্রাবণী মা ও খালার সঙ্গে হেঁটে কেন্দ্রে যান। পরীক্ষা-নিরীক্ষার পর সিজারের জন্য নগদ ১০ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয় এবং পরে অ্যাম্বুলেন্সে রংপুরে পাঠানো হয়। তাঁর বাবা বলেন, ওষুধ কিনতে বাইরে পাঠানো হয়েছিল তাঁকে; ফিরে এসে তিনি মেয়েকে মুখ কাপড় দিয়ে ঢাকা অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলতে দেখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, প্রকল্পের কার্যক্রম বন্ধে একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ইউএনও বলেন, চিকিৎসকের তথ্যমতে শ্রাবণী এক্লাম্পসিয়া, খিঁচুনি ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন; তবে সিভিল সার্জনের তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়। স্বজন ও এলাকাবাসী কেন্দ্র ঘেরাও করে জড়িতদের শাস্তি দাবি করলে প্রশাসন কার্যক্রম বন্ধ করে।