রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২৭ মে ভোরে মাত্র ১-২ দিন বয়সী ছয় নিষ্পাপ নবজাতকের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও করুণ ঘটনা।
তিনি বলেন, এই শিশুদের হারিয়ে তাদের পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসি’র গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। চিকিৎসালয়ের মতো নিরাপদ স্থানে এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।
মিয়া গোলাম পরওয়ার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান এবং তদন্তে অবহেলা বা দায়িত্বহীনতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান ও মৃত নবজাতকদের জন্য দোয়া করেন।