দিনাজপুর শহরের কাছে পুনর্ভবা নদীতে ডুবে লিমন নামে দশম শ্রেণির ১৬ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার উলিপুর এলাকার পাশে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার চার সহপাঠীকে আটক করেছে পুলিশ।
লিমন দিনাজপুর শহরের সিপাহীপাড়া এলাকার লিটন ইসলামের ছেলে এবং তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। কোতোয়ালি থানার উপপরিদর্শক সাহাদত হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে মাহুতপাড়ায় কয়েকজন শিক্ষার্থী গোসল করতে পুনর্ভবা নদীতে নামে। গোসলের সময় লিমন পানিতে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়। পরে ডুবুরিরা উদ্ধার অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর ১টায় উলিপুর গ্রামের পাশে নদীতে তার লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, আটক চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।