জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশবিরোধী চক্রান্ত রুখতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়।
দুলু বলেন, নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দেবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে এবং এখন পাশের দেশে বসে দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে গোপন ষড়যন্ত্র চালাচ্ছে।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি দুলু সতর্ক করে বলেন, ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন শুরু হলে আওয়ামী লীগ সেই সুযোগ নিতে পারে এবং দেশকে অস্থির করার অপচেষ্টা চালাতে পারে। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় সভা হয়। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ অন্য নেতারা।