ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রয়োজন মেটানোসহ বিভিন্ন জরুরি খাতে ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলার অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে হোয়াইট হাউস। হাউস স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো বাজেট অফিসের চিঠিতে জানানো হয়েছে, এর মধ্যে ৬৭ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে গোলাবারুদ, পরিচালন ব্যয় ও গোপন কর্মসূচির খরচ অন্তর্ভুক্ত। এছাড়া মার্কিন কৃষকদের জন্য ১১ বিলিয়ন ডলার এবং মধ্য আফ্রিকায় ইবোলা মোকাবিলায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে।
এই অনুরোধ এমন সময়ে এসেছে, যখন কংগ্রেস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। ইরান যুদ্ধ ভোটারদের কাছে অজনপ্রিয় হওয়ায় এবং নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় প্রস্তাবটি কংগ্রেসে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। চিঠিতে বলা হয়েছে, “অপারেশন এপিক ফিউরি”–সংক্রান্ত জরুরি চাহিদা পূরণই এই অনুরোধের মূল লক্ষ্য। এছাড়া মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদারে ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব রয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও পেন্টাগনকে সাম্প্রতিক হামলার পর মজুত পুনর্গঠন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।