বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করার বদলে পরীক্ষায় ৯০ থেকে ৯৫ শতাংশ পাসের হার দেখানোর রাজনীতি করা হয়েছিল।
রিজভীর ভাষ্য, পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা কিছু না লিখলেও তাদের পাস করাতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর ওপর মহল থেকে চাপ ও ধমক দেওয়া হতো। তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় অতিরিক্ত রাজনীতিকরণের কারণে শিক্ষার মান নিচে নেমেছে। বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি প্রকাশকে গুরুত্ব দেওয়া হলেও নৈতিক শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে, যা শিক্ষার্থীদের মূল্যবোধ, দায়িত্ববোধ ও জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে।
শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালনের আহ্বান জানান রিজভী। তিনি বলেন, বিএনপি শিক্ষক সমাজের ন্যায্য দাবি সম্পর্কে সচেতন এবং দলের ভিশন ও পরিকল্পনায় তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে না। শিক্ষার মানোন্নয়নের সঙ্গে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও ন্যায্য সুযোগ নিশ্চিতের ওপরও গুরুত্ব দেন তিনি।