বিএনপি নেতা রাশেদ খানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরদিন রোববার রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রজ্ঞাপনের ছবি শেয়ার করে বিষয়টি জানান।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. রাশেদ খানকে অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে এবং তা প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি পর্যন্ত বহাল থাকবে, যেটি আগে ঘটে। চুক্তির অন্যান্য শর্ত পৃথকভাবে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
ফেসবুক পোস্টে রাশেদ খান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।