ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ছাত্রদল। শনিবার জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, শুক্রবার দুপুরে ঝিনাইদহ পৌরসভার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটওয়ারী বক্তব্য রাখেন এবং বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীসহ আইনমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। অভিযোগে আরও বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঝিনাইদহ পলিটেকনিকের ছাত্রদল নেতাদের পিস্তলের বাট, ধারালো দা ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে এনসিপি ১১৫ জন ছাত্রদল নেতার নামে মামলা করেছিল, তার ২৪ ঘণ্টার মধ্যেই এই পাল্টা মামলা হয়।