ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠের কাছে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি বদরীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, যোশীমঠের কাছের চায়ি গ্রামের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চার্লি এক্স-রে কোম্পানি পরিচালিত হেলিকপ্টারটি হাতি পর্বতের কাছে নিখোঁজ হয়। সেটির সন্ধানে কর্তৃপক্ষ আরও দুটি হেলিকপ্টার মোতায়েন করে। যোশীমঠ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনোহর কানিয়াল জানান, স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিটে মহকুমা প্রশাসনের কাছ থেকে চায়ি গ্রামের ওপরের এলাকায় হেলিকপ্টারটির জরুরি অবতরণ বা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির কর্মকর্তারা বলেন, বদরীনাথ থেকে সাহাস্ত্রধারাগামী ট্রান্স ভারত হেলিকপ্টারটির অবস্থান চায়ি গ্রামের ওপরের সেনা ক্যাম্পের কাছে শনাক্ত হয়েছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধামি বলেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং গুরুতর আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন।