বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষভাবে কুষ্ঠরোগের চিকিৎসায় সংস্থাটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা শরণার্থী শিবিরে জীবনমান উন্নয়নের উদ্যোগও আলোচনায় আসে, যার মধ্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গাদের দক্ষ ও উপার্জনক্ষম করে তোলার কার্যক্রম অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। জামায়াত আমির ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে সাইফুল আলম খান মিলন এমপি, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।