কংগ্রেসের নতুন কোনো অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ‘ওয়ার পাওয়ার্স রেজল্যুশন’ অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া সর্বোচ্চ ৬০ দিনের জন্য সেনা মোতায়েন করতে পারেন, আর সেই সময়সীমা শেষ হতে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে। তবুও রিপাবলিকান সদস্যরা ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছেন, যা কার্যত তাকে রাজনৈতিক দায়মুক্তি দিচ্ছে।
যুদ্ধের প্রতি জনসমর্থন কমছে এবং ট্রাম্পের জনপ্রিয়তাও নিম্নমুখী। রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা তলানিতে নেমেছে। যুদ্ধের ব্যয় মেটাতে মার্কিন সামরিক বাহিনী অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে। জীবনযাত্রার ব্যয় ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
আইনি সময়সীমা শেষ হওয়ার পর রিপাবলিকানরা প্রেসিডেন্টের যুদ্ধকালীন ক্ষমতা নিয়ে কী অবস্থান নেন, সেটিই এখন দেখার বিষয়।